নিজস্ব প্রতিবেদক:
‘দুঃখে যাদের জীবন কাটে, কষ্টে কাটে রাত, তাদের জন্য বাড়িয়ে দেব ভালোবাসার হাত’Ñমানবিক এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত, অবহেলিত ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান মানুষকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
চুয়াডাঙ্গা রেলস্টেশন চত্বর থেকে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত শিশুদের কাছে খাবার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন ফুলকুঁড়ি আসরের চুয়াডাঙ্গা জেলা পরিচালক ইয়াছিন আরাফাত সুমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, ফুলকুঁড়ি আসরের পরিচালক বাঁধন হোসেন বাপ্পি, মোহাম্মদ, আবদুল্লাহ, জারিফ, আরাফাত, আবরার, মাসুদ, রাওয়া ও প্রত্যয় আমিনসহ সংগঠনের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। প্রতিটি শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ এবং নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাওয়া প্রয়োজন। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশু যেন অবহেলা ও বঞ্চনার শিকার না হয়, সে বিষয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রÑসব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহমর্মিতা দেখানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনেরও অংশ। তাদের পাশে দাঁড়াতে শুধু বিশেষ দিবসের আয়োজন নয়, সারা বছরই সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ফুলকুঁড়ি আসরের এ ধরনের উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে আশা করি।
আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শিশুদের প্রয়োজন ও অধিকার সম্পর্কে সমাজের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং তাদের পাশে দাঁড়াতে সবাইকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ফুলকুঁড়ি আসরের চুয়াডাঙ্গা জেলা শাখা শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, সুস্থ মননশীলতার চর্চা এবং শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


