ইংলিশ ফুটবলে আবারও মালিকানা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ক্লাবটির বর্তমান মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার প্রায় ২০০ মিলিয়ন পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় ৩৩শ কোটি টাকার বেশি দামে লেস্টার সিটি বিক্রি করতে আগ্রহী।
একসময় ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় চমক উপহার দেওয়া লেস্টার এখন খেলছে তৃতীয় স্তরের লিগ ওয়ানে। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ২৪ দলের মধ্যে ২৩তম হয়ে তারা অবনমিত হয়। এর পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগে ক্লাবটিকে ছয় পয়েন্ট জরিমানাও ভোগ করতে হয়েছে।
২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা ভিচাই শ্রীবদ্ধনপ্রভা লেস্টার সিটির মালিকানা নেন। তার আগে ক্লাবটির মালিক ছিলেন মিলান মান্দারিচ। কিং পাওয়ারের সঙ্গে স্পনসরশিপ চুক্তির পরই প্রতিষ্ঠানটি ক্লাবটির মালিকানা নেয়।
নতুন মালিকানায় দ্রুতই সাফল্যের শিখরে পৌঁছে লেস্টার। ২০১৪ সালে প্রিমিয়ার লিগে ফেরার পর মাত্র দুই বছরের মধ্যেই তারা ইতিহাস গড়ে। ২০১৫-১৬ মৌসুমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বড় দলকে পেছনে ফেলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ক্লাবটি। এরপর ২০২১ সালে প্রথমবার এফএ কাপও নিজেদের করে নেয় লেস্টার।
তবে সাফল্যের সেই সময় পেরিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটির মাঠের পারফরম্যান্স ও আর্থিক পরিস্থিতি দুটিই অবনতির দিকে গেছে। টানা দুই মৌসুমে দুই দফা অবনমন হয়েছে তাদের। এর মধ্যেই ২০১৮ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ক্লাবটির কিংবদন্তি মালিক ভিচাই।
এবার লেস্টার সিটিকে নতুন মালিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিং পাওয়ার। সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হচ্ছে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩শ কোটি টাকারও বেশি। তবে মালিকানা বিক্রির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি লেস্টার সিটি কর্তৃপক্ষ।


