জীবননগর অফিস:
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, সিরাপ ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই দিন সীমান্তের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আরও ভারতীয় মদ, সিরাপ ও কীটনাশক উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২টা ৫০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৩/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের শুকুর আলীর পুকুরের পাশের এলাকায় নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সেখান থেকে টিটন রাসেল (২৪) নামের এক যুবককে আটক করা হয়। তিনি জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আলিহীম মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, টিটন রাসেলের কাছ থেকে ভারতীয় ৩৪ বোতল মদ, ১৬৮ বোতল সিরাপ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে একই দিন রাত ২টা ২০ মিনিটের দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৫২/১৫-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের রাশেদুলের বাড়ির পাশ থেকে সুবেদার মাজেদুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ ও ৩৮ বোতল সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এছাড়া গত বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেলিম মিয়ার আমবাগানে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১১৫ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায়ও কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও অন্যান্য পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারিও জোরদার করা হয়েছে।


