আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ২০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ মুরাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার গোবিন্দপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর মন্ডলপাড়ায় মুরাদ হোসেনের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে ২০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার মুরাদ হোসেন গোবিন্দপুর মন্ডলপাড়া এলাকার মৃত আক্কাচ আলীর ছেলে। পরে মুরাদ হোসেনকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে পাঠানো হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


