জীবননগর অফিস:
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন রাজু আহমেদ (২৫) ও মনিরুজ্জামান ওরফে মনির (২৩)।
র্যাব-১২, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে রাজু আহমেদ ও মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কালো রঙের টিভিএস মোটরসাইকেলও জব্দ করা হয়। র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জীবননগর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব-১২, সিপিসি-৩’র অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, মাদকের বিস্তার রোধে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সীমান্তবর্তী জীবননগরসহ চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় মাদকের সরবরাহ ও বেচাকেনা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া প্রয়োজন।


