দর্শনা অফিস:
দর্শনায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।
জানা গেছে, দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল দর্শনা থানার দোস্ত গ্রামের আমতলা মোড়সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। পুলিশ জানায়, তল্লাশির সময় দর্শনা থানার সড়াবাড়িয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুল্লাহর (২৪) কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পূর্ব আদলপুর গ্রামের সবুজ মন্ডলের ছেলে রিপনের (২১) কাছ থেকে ৫০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। রিপন বর্তমানে দর্শনা থানার দোস্ত গ্রামে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে আটক দুজনকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)’র আদালতে উপস্থাপন করা হয়। আদালত আব্দুল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি রিপনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে এলাকায় মাদক ব্যবসা করতে দেয়া হবে না।


