নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে অস্ত্রের ভয় দেখিয়ে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ছিনতাই শেষে ওই চালকের হাত-পা গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় মুখে মাস্ক ও গামছা বাঁধা অজ্ঞাতনামা ছিনতাইকারীরা। গতকাল রবিবার রাত ১০টার দিকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর-শৈলগাড়ি সড়কের আমিরপুর ফাঁকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোটরসাইকেল চালক ময়েন (৩১) আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ থানাধীন গোয়ালবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ময়েন। আমিরপুর ফাঁকা মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার গতিরোধ করেন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। ফলে তাদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করতে পারেননি ময়েন। এ সময় ছিনতাইকারীরা হাতে থাকা দা ও হাঁসুয়া দেখিয়ে তাকে ভয়ভীতি দেখান। অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যবহৃত অন-টেস্ট মোটরসাইকেল, সবুজ-কালো রঙের হোন্ডা লিভো ১১০ সিসি, একটি স্মার্টফোন এবং পকেটে থাকা নগদ টাকা নিয়ে নেন তারা। মালামাল ছিনিয়ে নেয়ার পরও ময়েনকে ছেড়ে দেয়নি ছিনতাইকারীরা। তাকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ছিনতাইকারীরা চলে গেলে কোনোভাবে হাত-পায়ের বাঁধন খুলে লোকালয়ের দিকে আসেন ময়েন। স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ছিনতাইকারীদের হামলায় ময়েন শারীরিকভাবে আহত হননি। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তবে অস্ত্রের মুখে ছিনতাই এবং পরে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আমিরপুর-শৈলগাড়ি সড়কের ফাঁকা মাঠের মতো নির্জন এলাকায় রাতে চলাচলকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ওই এলাকায় রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন।


