সরোজগঞ্জ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে অবৈধ কেওড়া জল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন কার্যক্রম তদারকি করা হয়। এ সময় পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্য তালিকা, পণ্যের মান ও মেয়াদসহ ভোক্তা অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। তদারকিকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধ কেওড়া জল বিক্রির দায়ে মেসার্স সহিদুল স্টোরের মালিক সহিদুল ইসলামকে ৫ হাজার টাকা এবং মেসার্স রিয়াদ স্টোরের মালিক সিহাব উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার মোট ১০ হাজার টাকা আদায় করা হয়।
তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ, বীজ কিংবা শিশুখাদ্য বাজারজাত না করার বিষয়ে সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণের পাশাপাশি ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। কোনো অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।


