জীবননগর অফিস:
জীবননগরে একটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা ঘর থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার উথলী বাজারপাড়ার রেলস্টেশন-সংলগ্ন একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিনভর উথলী বাজার এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর দুর্গন্ধ আরও তীব্র হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। এ সময় দরজার ফাঁক দিয়ে ভেতরে রবিউলের ঝুলন্ত মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। এরপর দরজা খুলে ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করছিলেন। বিভিন্ন ধরনের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তবে সম্প্রতি তিনি মানসিকভাবে সমস্যার মধ্যে ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য। স্থানীয়দের দাবি, কিছুদিন আগে রবিউল তার স্ত্রী, সন্তান ও মাকে বাড়ি থেকে বের করে দিয়ে ওই ঘরে একাই বসবাস করছিলেন। এরপর থেকে তাকে অনেকটা নিঃসঙ্গ অবস্থায় দেখা যেত। একাকী থাকা অবস্থায় কোনো একসময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের সময় বেশ পচনশীল অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।


