নিজস্ব প্রতিবেদক:
‘মাদক তো নয়, খেলাধুলা করিÑমাদকমুক্ত দেশটা গড়ি’Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতেই এ আয়োজন। আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, আয়োজনের বিভিন্ন দিক ও কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। খেলাধুলার মধ্য দিয়ে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া, কিশোর অপরাধসহ নানা অনৈতিক কর্মকাণ্ড থেকেও তরুণদের দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে। লুৎফুন নাহার বলেন, জেলার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, ক্রীড়াক্ষেত্রে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মাঠের খেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়বে। একই সঙ্গে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার সুযোগ তৈরি হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসন-৫’র সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র লোগো উন্মোচন করা হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং। সাংবাদিকদের টুর্নামেন্টের খেলার সময়সূচিও জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের লোগোর মধ্য দিয়ে খেলাধুলার প্রতি অঙ্গীকার, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়েছে। থিম সংয়েও রয়েছে সামাজিক সচেতনতার নানা বার্তা। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা, সুস্থতা, উদ্দীপনা, সম্প্রীতি ও ইতিবাচক চেতনা তৈরির বিষয় এতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও যৌতুক প্রতিরোধের বার্তাও রাখা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হ্যাজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক কামরুজ্জামান সেলিম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এ আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের প্রত্যাশা, ফুটবলের মাঠে তরুণদের প্রাণবন্ত উপস্থিতি যেমন প্রতিযোগিতাকে জমিয়ে তুলবে, তেমনি মাদক, অনলাইন জুয়া ও নানা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


