দর্শনা অফিস:
ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সালাউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন আহমেদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার আইয়ুব আলীর ছেলে। তিনি মেডিকেল ভিসায় চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে উপস্থিত হন।
দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ইমিগ্রেশনে কাগজপত্র ও পরিচয় যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে মামলা ও দেশত্যাগের নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, তার স্ত্রীর করা ঢাকার হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের যাচাইয়ে তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকার তথ্যও পাওয়া যায়। পরে তার নাম-ঠিকানা আরও যাচাই করা হলে ঝালকাঠির রাজাপুর থানার একটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেনÑএমন তথ্যও পাওয়া যায়। বিষয়টি চুয়াডাঙ্গার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দর্শনা থানা পুলিশ দ্রুত ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছে সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
দর্শনা ইমিগ্রেশনে দায়িত্বে থাকা এএসআই তারেক মাহমুদ সালাউদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


