জীবননগর অফিস:
জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১০টি ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে পৃথক মামলায় তাদের আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দুজন হলেন জীবননগর বাজারপাড়ার আতিয়ার রহমানের ছেলে আরিফ ইসলাম (৩৪) ও একই উপজেলার পোস্ট অফিসপাড়ার আব্দুল মান্নানের ছেলে আবু রায়হান ওরফে রাহেল (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে আরিফ ইসলামের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও আবু রায়হান ওরফে রাহেলের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হয়। পরে মামলার শুনানি শেষে চুয়াডাঙ্গার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত আরিফ ইসলামকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই আদালত আবু রায়হান ওরফে রাহেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


