আসমানখালী প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বোয়ালিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর এ গণসংযোগ ও সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গণসংযোগ ও আলোচনা সভাকে ঘিরে বিকেল থেকেই বড়বোয়ালিয়া কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় প্রধান অতিথি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন কথা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন জিএ থানা জামায়াতের আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ইমরান হোসাইনসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কথা শোনা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গণসংযোগকালে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে বিভিন্ন বিষয়ে অবহিত করেন। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন এবং নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান লালটু। সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন। এ সময় থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও আলোচনা সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে খন্দকার মাসুদুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দেশ, জাতি, এলাকার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


