ক্রীড়া প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গোলের বন্যা বইয়ে দিয়েছে আলমডাঙ্গা উপজেলা দল। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে জীবননগর উপজেলা দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে আলমডাঙ্গা। ম্যাচে একাই তিন গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন আলমডাঙ্গার নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন।
চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পুরোনো স্টেডিয়াম মাঠে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই জীবননগরের ওপর চাপ তৈরি করে আলমডাঙ্গা। ম্যাচের ২১ মিনিটে গোলের সূচনা করেন ইডেন। ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। আলমডাঙ্গার আক্রমণের তীব্রতা তখন আরও বাড়তে থাকে। ২৯ মিনিটে মিনারুল গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আলমডাঙ্গা। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে আলমডাঙ্গা। ম্যাচের ৫৬ মিনিটে নিজের তৃতীয় গোলটি করেন ইডেন। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এক মিনিট পর, ৫৭ মিনিটে আলমডাঙ্গার দলীয় অধিনায়ক মিরাজ গোল করে দলের ব্যবধান ৫-০ করেন। ম্যাচের শেষ মুহূর্তেও থামেনি আলমডাঙ্গার গোল-উৎসব। ৮৪ মিনিটে জাহিদ ষষ্ঠ গোলটি করলে ৬-০ গোলের বড় জয় নিশ্চিত হয় আলমডাঙ্গার। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলমডাঙ্গা উপজেলা দল। অন্যদিকে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে জীবননগর উপজেলা দলকে।
ম্যাচ শেষে আলমডাঙ্গা উপজেলা দলের অধিনায়ক মিরাজের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কারের সঙ্গে নগদ অর্থ প্রদান করেন আলমডাঙ্গা মন্ডল স্পোর্টসের স্বত্বাধিকারী মামুনুর রশিদ মন্ডল। হ্যাটট্রিক করা নাইজেরিয়ান খেলোয়াড় ইডেনও পেয়েছেন দর্শকদের ভালোবাসা। জাহাঁপুর গ্রামের রাসেল বিশ্বাস তাকে এক হাজার টাকা উপহার দেয়া হয়। আর মাঠের বাদাম বিক্রেতা আয়াতুল্লাহ প্রথম গোল করা ইডেনকে নিজের পক্ষ থেকে ১০০ টাকা উপহার দেন।
ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান, এনডিসি আলাউদ্দিন আল আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি, সাবেক ফুটবলার ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, ক্রীড়া সংগঠক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ারদার রেজা, নাজমুল হক শান্তিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলমডাঙ্গা উপজেলা দলের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার শরিফুল ইসলাম। ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশিদ মন্ডল। টিম অফিসিয়াল হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা দলের সাবেক কৃতী গোলরক্ষক বাবলু, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন, মোহাম্মদ আলী সিদ্দিক, মহসিন কামাল ও ইউনুস মাস্টার। ম্যাচটি পরিচালনা করেন শফিকুল নবী রিয়ান, ইমাম হোসেন, পারভেজ ও নিপুন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক প্রীতি ফুটবলার মাহমুদুল হক লিটন। খেলার ধারাভাষ্য প্রচার করেন ইসলাম রকিব, হেলাল উদ্দিন ও বাঁধন। টুর্নামেন্টের উত্তেজনা এখন আরও বাড়ছে। আজ একই মাঠে মুখোমুখি হবে আলমডাঙ্গা পৌরসভা দল ও জীবননগর পৌরসভা দল।


