নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা অবস্থায় সোমবার দিবাগত রাতে শহরের আরামপাড়া রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার নাঈম পারভেজ সজল চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মারুফ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আরামপাড়া রেলস্টেশনের সামনে অভিযান চালিয়ে নাঈম পারভেজ সজলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় ২০২৪ সালের ৩ অক্টোবর করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তে পাওয়া অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর-১ এবং জিআর নম্বর-২০৩। এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্তে নাঈম পারভেজ সজলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাঈম পারভেজ সজলের বিরুদ্ধে ২০২৪ সালের শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


