জীবননগর অফিস:
জীবননগরে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্বামী শাহিদুল ইসলাম (৬৫), ছেলে আসিফ (২০) এবং ইজিবাইকচালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলা গ্রামের ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী। তার তিন ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিন্নাহনগর দিক থেকে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস জীবননগরের দিকে যাচ্ছিল। একই সময়ে জীবননগর থেকে একটি ইজিবাইক দত্তনগরের দিকে যাচ্ছিল। পাথিলা গ্রামের ঈদগাহের সামনে বাসটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা আহরণ খাতুনসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহরণ খাতুনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আসিফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকেও পরে যশোরে নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আহরণ খাতুন তার স্বামী শাহিদুল ইসলামকে চিকিৎসকের কাছে দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই তারা দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেয়া হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


