দর্শনা অফিস:
শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দর্শনার মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। ‘ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের সহিত মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি ও শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো আচরণের অভ্যাস গড়ে তোলাও জরুরি। এ জন্য বিদ্যালয়ে উপস্থিতির পাশাপাশি বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে। সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং পড়াশোনায় কেমন অগ্রগতি করছে, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে না এলে বা পড়াশোনায় পিছিয়ে পড়লে তার কারণ খুঁজে বের করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেয়া সম্ভব।
সভাপতির বক্তব্যে মো. মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদান করেন কিন্তু বাড়িতে সন্তান পড়াশোনা করছে কি না, নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি নাÑএসব বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় যত বাড়বে, শিক্ষার্থীদের সমস্যাগুলো তত দ্রুত সমাধান করা সম্ভব হবে। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ চিহ্নিত করা, পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং শিক্ষক-অভিভাবক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ও দর্শনা থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক লিংকন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


