আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া পূর্বপাড়ায় এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এসব চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি থেকে ৮টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, স্বর্ণালংকার ও একটি হাতঘড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বটিয়াপাড়া পূর্বপাড়ার হালিম, আশিক, রিপন ও মহাবুলসহ কয়েকজনের বাড়িতে চোরেরা ঢোকে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে বিভিন্ন কক্ষ থেকে মোবাইল ফোন নিয়ে যায় তারা। পরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি বাড়ি থেকে মোট ৮টি স্মার্টফোন ও ৩টি বাটন ফোন চুরি হয়েছে। এর পাশাপাশি লিপন নামের এক বাসিন্দার বাড়ি থেকে ৩ জোড়া কানের দুল, একটি আংটি ও একটি হাতঘড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই এলাকায় মিঠুনের বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই রাতে পাশাপাশি কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, সংঘবদ্ধভাবে চোরেরা রাতের আঁধারে এসব বাড়িতে ঢুকে মালামাল নিয়ে গেছে। তবে চুরির সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। চুরির খবর পেয়ে কমলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে চুরির ঘটনাগুলো সম্পর্কে খোঁজখবর নেন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, বটিয়াপাড়া গ্রামে কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, একই এলাকায় এক রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত চুরি যাওয়া মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


