ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় চায়না রাণী বিশ্বাস (৪০) নামে আলমডাঙ্গার এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের বিআরবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চায়না রাণী বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার রথতলার বিদ্যুৎ কুমার বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ নিতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন চায়না রাণী। বিআরবি হাসপাতালের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনী প্রক্রিয়া শেষে কুষ্টিয়া সদর থানা থেকে নিহতের মরদেহ আলমডাঙ্গায় নেয়া হয়। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। চায়না রাণী বিশ্বাস এক ছেলে ও এক মেয়ের মা ছিলেন।


