জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযানে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, ৭৮ বোতল ভারতীয় সিরাপ ও ১৭৭টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোরে গয়েশপুর ও গোয়ালপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলুপাড়া গোয়ালদার পুকুরের দক্ষিণ পাড়ে একটি আমবাগানে অভিযান চালায়। হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত ওই টহল দলের উপস্থিতি টের পেয়ে একজন চোরাকারবারি পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের লাল নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা বস্তাটি খুলে তল্লাশি করে ৭৮ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেন। ওই সিরাপের মধ্যে কৌশলে সবুজ পলিথিনের ব্যাগে পেঁচিয়ে রাখা একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। একই দিন সকাল ৬টা ১০ মিনিটের দিকে জীবননগর সীমান্তের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মোড়ে মোল্লা ব্রিকসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার পারকার সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে অনিম আহমেদ (২৫) ও সুরাব হোসেন (৫৫) নামের দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭৭টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক দুজনই জীবননগর উপজেলার হরিয়াননগর গ্রামের বাসিন্দা। আটক অনিম আহমেদ (২৫) ওই গ্রামের মহির উদ্দিনের ছেলে। অপর আটক ব্যক্তি সুরাব হোসেন (৫৫) একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। দুটি অভিযানে জব্দ করা অস্ত্র, গুলি, মাদক ও অন্যান্য মালামাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একইভাবে ইয়াবা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দের ঘটনায় আটক দুজনকে জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


