দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় দুস্থ নারী, কৃষক, অসহায় মানুষ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন, স্প্রে মেশিন, চিকিৎসা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাউলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপকারভোগী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। তিনি বলেন, সরকারের উন্নয়ন সহায়তা তহবিলের মূল উদ্দেশ্য তৃণমূলের মানুষের জীবনমানের উন্নয়ন করা। সহায়তার এসব সামগ্রী শুধু বিতরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা মানুষের জীবিকা, শিক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসায় কাজে লাগাতে হবে। লাভলী ইয়াসমিন বলেন, সেলাই মেশিন পেয়ে দুস্থ নারীরা ঘরে বসে কাজ করে আয় করার সুযোগ পাবেন। এতে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারবেন। কৃষকদের দেয়া স্প্রে মেশিন কৃষিকাজে সহায়ক হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও টিফিন বক্স তাদের লেখাপড়ার প্রতি উৎসাহ বাড়াবে।
হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সোলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম এবং ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান পটু ও শাহাজামাল। এছাড়া ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেন। এর মধ্যে ছিল ২৪টি সেলাই মেশিন, ২১টি স্প্রে মেশিন, ১২০টি স্কুল ব্যাগ ও ১২০টি টিফিন বক্স। একই সঙ্গে অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবায় ব্যবহারের উদ্দেশ্যে ৮টি চেয়ার, ৫টি বিপনি মেশিন, ৫টি ডিজিটাল থার্মোমিটার এবং ৩টি ডায়াবেটিস মাপার মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন পাওয়া কয়েকজন নারী বলেন, ঘরে বসে কাপড় সেলাই করে তারা বাড়তি আয় করতে পারবেন। এতে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি নিজেদেরও কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। কৃষকদের হাতে স্প্রে মেশিন তুলে দেয়ায় তাদের কৃষিকাজেও সুবিধা হবে বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী।


