নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রয়েছে ৪৮ বোতল ভারতীয় কাশির সিরাপ ও ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল বুধবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বিজিবির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহেশপুর সীমান্তের রাজপুর ও গয়েশপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের আল আমিনের আখক্ষেতের পাশে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪৮ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, একই দিন দুপুর একটার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। নায়েক লুৎফরের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৬৯-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠের জাহাঙ্গীরের আমবাগানে অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৪৩ প্যাকেট ভারতীয় কীটনাশক পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, দুটি অভিযানেই জব্দ করা পণ্যের সঙ্গে কোনো আসামি পাওয়া যায়নি। অর্থাৎ অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।


