দামুড়হুদা অফিস:
দামুড়হুদায় গাঁজা সেবন করার সময় মিলন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ডোপ টেস্টে তার শরীরে গাঁজার সক্রিয় উপাদান টিএইচসি শনাক্ত হওয়ার পর তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে নেয়া হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত আটটার দিকে ভগিরথপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার ছুটিপুর (বিলপাড়া) গ্রামে অভিযান চালায়। পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বিলপাড়ায় মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। মিলন মিয়া ছুটিপুর গ্রামের বিলপাড়ার মৃত ছলেমান মন্ডলের ছেলে। আটকের পর মিলন মিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার ডোপ টেস্ট করা হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে ‘ক্যানাবিনয়েডস পজিটিভ’ পাওয়ার বিষয়ে মতামত দেন। পরে বুধবার তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হয়। শুনানি শেষে আদালত মিলন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


