আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা-মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

চুয়াডাঙ্গা-মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন




নিজস্ব প্রতিবেদক:

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’Ñএ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, প্রবীণদের ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজের বোঝা নন, তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই জীবনের শেষ প্রান্তে এসে যেন কোনো প্রবীণ অবহেলা, একাকিত্ব কিংবা অনিরাপত্তার শিকার না হন, তা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও মানবিক হতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটির অনুষ্ঠান শুরু হয়। প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ-জামান। অনুষ্ঠানে অংশ নেয়া প্রবীণদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি স্বাগত বক্তব্য দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
জেলা প্রশাসক বলেন, প্রবীণেরা আমাদের পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধ পরবর্তী প্রজন্মের জন্য বড় সম্পদ। জীবনের দীর্ঘ সময় তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রেখেছেন। তাই তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করা সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও মানবিক হতে হবে। তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক প্রশান্তি ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। কোনো প্রবীণ যেন অবহেলা কিংবা একাকিত্বের শিকার না হন, সেদিকে সবাইকে নজর দিতে হবে। লুৎফুন নাহার আরও বলেন, প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুবিধা যথাযথভাবে প্রবীণদের কাছে পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের প্রবীণ।’ তাই প্রবীণদের সম্মান, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি মানবিক, সহনশীল ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাজাহান আলী এবং সুবর্ণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা।
বক্তারা প্রবীণদের সামাজিক মর্যাদা রক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারে তাদের প্রতি শ্রদ্ধা ও যত্ন বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাদের মতে, একটি সমাজ কতটা মানবিক, তার অন্যতম মাপকাঠি হলো সেই সমাজ তার প্রবীণ নাগরিকদের কতটা সম্মান ও নিরাপত্তা দিতে পারে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, মহি উদ্দিন, আসাদুজ্জামান বাবু, নওদাবন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আব্দুল কাদের, সাবেক ব্যাংকার মানোয়ার হোসেন, প্রবীণ বুলবুলী রানী ও আইনুল হক।
এ সময় বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তাদের মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস জানিয়েছে, ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গার জীবননগরে আন্তজার্তিক প্রবীণ দিবস পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবীণদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জীবননগর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রবীণেরা আমাদের বাবা-মা বা গুরুজন। সময়ের সাথে সাথে আমরাও একসময় প্রবীণ হবো। প্রবীণদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার প্রবীণদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কোন সন্তান পিতামাতার ভরণপোষণের দায়িত্ব না নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিধান চালু হয়েছে। তাছাড়াও সরকার প্রবীণদের জন্য বয়স্কভাতা দিচ্ছে। আমাদের পরিবারে বা সমাজে যে প্রবীণরা আছে সবাই সবার জায়গা থেকে তাদেরকে যত্ন নেবো।
জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রবীণ কমিটির সভাপতি শাহাজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা নূরআলম,উপজেলা লোকমোর্চার প্রোগ্রামার অফিসার আব্দুল আলীম সজল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ১ অক্টোবর আন্তজার্তিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরের বছর ১৯৯১ সাল থেকে এই দিনে বিশ্বব্যাপী দিবসটি পালন হয়ে আসছে।
দর্শনা অফিস জানিয়েছে, প্রবীণদের স্বস্তিময় জীবনÑআমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার রক্ষা এবং জীবনের দীর্ঘ অভিজ্ঞতাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা পুরাতন বাজার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পুরাতন বাজার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দর্শনা পুরাতন বাজার পৌর প্রবীণ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ফয়জুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন এবং দর্শনা পৌর প্রবীণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আকমত আলী। এছাড়া অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুব-উল ইসলাম খোকন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমাজসেবী কামরুজ্জামান যুদ্ধ, বিএনপি নেতা আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং দীর্ঘ কর্মজীবন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত জ্ঞান পরিবার, সমাজ ও পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রবীণদের অবহেলা না করে তাদের মতামত, অভিজ্ঞতা ও দক্ষতাকে সামাজিক উন্নয়নের কাজে সম্পৃক্ত করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন প্রবীণদের কল্যাণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রবীণ কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রবীণদের পাশে দাঁড়ানো শুধু কোনো প্রতিষ্ঠান বা সরকারের দায়িত্ব নয়, পরিবার ও সমাজের প্রত্যেকেরই এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে।
আলোচনা সভার একপর্যায়ে অতিথি ও প্রবীণদের সঙ্গে নিয়ে দিবসটির আনন্দ ভাগাভাগি করতে কেক কাটা হয়। এতে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবীণদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকেরা জানান, প্রবীণদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের বিষয়টি সামনে আনতেই দিবসটি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রবীণদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মেহেরপুর অফিস জানিয়েছে, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব এবং মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল আলম ও নুরুল ইসলাম। এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব, মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, নুরুল ইসলাম, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ