ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আলমডাঙ্গায় ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির পর ভাইয়ের স্ত্রীর নামে রেজিস্ট্রি করা জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নাছিমা খাতুন (৪৪) নামে এক নারী। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা খাতুন এসব অভিযোগ করেন।
তিনি জানান, আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর মৌজায় তার শ্বশুরের ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অংশ থেকে তার স্বামী আসাদুল হক ঠান্ডু ৭ শতক ২৫ পয়েন্ট জমি ২০১৩ সালের ২ অক্টোবর ৭২৫১/১৩ নম্বর দলিলের মাধ্যমে তার নামে রেজিস্ট্রি করে দেন। অপরদিকে, তার ননদ তহুরা খাতুন পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া ১১ শতক জমি ২০০২ সালের ২৪ অক্টোবর ৭৪৮৩ নম্বর দলিলের মাধ্যমে বিক্রি করে দেন। নাছিমা খাতুনের অভিযোগ, তহুরা খাতুন তার প্রাপ্ত অংশের জমি বিক্রি করে দেয়ার পরও তার নামে রেজিস্ট্রি করা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন বলে জানান তিনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও গত ৫ সেপ্টেম্বর তহুরা খাতুন, তার ছেলে তোতাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ সময় জমিতে ইট ফেলে ঘর নির্মাণের প্রস্তুতি নেয়া টিনের ছাপরা, বিচালীর গাদা ও পাটখড়ির গাদা দিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন নাছিমা। তিনি আরও অভিযোগ করেন, জমিতে দখল ঠেকাতে গেলে তাকে গালিগালাজসহ বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছেন। পরে পুলিশ তদন্তের জন্য বিষয়টি হাপানিয়া ক্যাম্পে পাঠায়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ক্যাম্পে উপস্থিত হতে বলা হলেও তহুরা খাতুন সেখানে উপস্থিত হননি বলে দাবি করেন নাছিমা।
সংবাদ সম্মেলনে নাছিমা খাতুন তার জমির মালিকানা ও দখল রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।


