কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
মেহেরপুরের একটি ফিলিং স্টেশন থেকে ট্রাক হেলপার নাহিদ হাসানকে (২১) হাত-পা বেঁধে ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে। তবে ট্রাকটি নিয়ে পালানোর সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারী এলাকার একটি কাঁচা রাস্তায় গিয়ে খাদে আটকে যায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও হাত-পা বাঁধা অবস্থায় হেলপারকে সেখানে ফেলে রেখে যায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তালসারী এলাকার ওই কাঁচা রাস্তা থেকে ট্রাকসহ নাহিদকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ট্রাকের মালিক মুজুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও হেলপারকে নিয়ে যান। ভুক্তভোগী নাহিদ হাসান মেহেরপুর শহরের খন্দকারপাড়ার ছাব্দার আলীর ছেলে। ছিনতাইয়ের অভিযোগ ওঠা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৭৬৩৭।
নাহিদ হাসান বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক একটার দিকে মেহেরপুরের শতাব্দী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তিনজন দুর্বৃত্ত তার হাত-পা বেঁধে ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি নিয়ে পালানোর সময় তালসারী এলাকার একটি কাঁচা রাস্তায় গিয়ে খাদে আটকে যায়। এ সময় ট্রাকটি নিয়ে আর সামনে এগোতে না পেরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা হাত-পা বাঁধা অবস্থায় নাহিদকে ট্রাকের সঙ্গে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও হেলপারকে উদ্ধার করেন। খবর পেয়ে ট্রাকের মালিক মুজুল হোসেনও সেখানে পৌঁছান। পরে তিনি ট্রাকসহ হেলপারকে নিয়ে যান।
এ ঘটনায় ট্রাকের মালিক মুজুল হোসেন কারও বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানা গেছে। তবে তিনজন দুর্বৃত্তের পরিচয়, ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টার পেছনের কারণ এবং এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কী-না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রাতের আঁধারে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা এবং একজন শ্রমিককে হাত-পা বেঁধে ফেলে যাওয়ার ঘটনায় তালসারী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।


