নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এতে ১৫টি মামলা করা হয়েছে। এছাড়া ৮২ হাজার টাকা জরিমানা আদায় বা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে এবং আটটি যানবাহন আটক করা হয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শহরের শহীদ হাসান চত্বর, কোর্ট মোড় ও রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র এবং চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। এ সময় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) গোলাম সারওয়ার খান। এ সময় সার্জেন্ট নবাব, ওয়াসিম ও নাজমুল, ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) খায়রুলসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই-অ্যাডমিন) আমিরুল ইসলাম জানান, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের লাইসেন্স যাচাই এবং ট্রাফিক আইন বাস্তবায়নের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ১৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে সাতটি প্রসিকিউশন দেয়া হয়েছে। এ ছাড়া আটটি যানবাহন আটক করা হয়েছে। তিনি আরও জানান, শহরের সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা কমানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের পাশাপাশি চালক ও যানবাহনের মালিকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়ানো গেলে শহরের সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হবে।


