জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় বাড়ি ফেরার পথে এক মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে রক্তাক্ত করে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের আবু মুসার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বিল্লাল হোসেন কাশিপুর গ্রামে কাজ শেষ করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খয়েরহুদা-কাশীপুর সড়কের মুচিপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তার পিছু নেয় এবং গতিরোধ করার চেষ্টা করে। বিল্লাল মোটরসাইকেল না থামিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে, যা তার হাতে গিয়ে লাগে। আহত অবস্থায় বিল্লাল মোটরসাইকেল চালিয়ে দ্রুত গ্রামের ভেতর ঢুকে পড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আসমী শনাক্ত এবং গ্রেফতারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


