আসমানখালী প্রতিনিধি:
আসন্ন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে গণসংযোগ করেছেন জেলা শ্রমিক কল্যাণের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হীরক। গতকাল সোমবার দুপুরে গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হীরক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সেলিম উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ইমরান হুসাইন ও সেক্রেটারি রাইতাল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় কাইয়ুম উদ্দিন হীরক বলেন, জনগণের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কথা শোনা গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে এলাকার মানুষের প্রত্যাশা ও সমস্যা বিবেচনায় নিয়ে কাজ করার চেষ্টা করব। গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


