নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর ভূমিকা নিয়ে সভায় আলোচনা হয়।
জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন এবং সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান। এ ছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল মোহাইমিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সভায় উপস্থিত ছিলেন।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল লক্ষ্য সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানো। এ লক্ষ্য অর্জনে সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, দক্ষ ও প্রশিক্ষিত চালক দিয়ে যানবাহন পরিচালনা এবং পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও যানবাহনের ফিটনেস নিশ্চিত করাও দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের প্রস্তুতি সভার মাধ্যমে দিবসটির কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তোলার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়টিও দিবসটির তাৎপর্যের সঙ্গে জড়িত।


