দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টানটান উত্তেজনার লড়াইয়ে পেনাল্টি শুটআউটে জয় পেয়েছে আনন্দ যুব সংঘ। নির্ধারিত সময়ে আনন্দ যুব সংঘ ও উইলস ক্লাবের মধ্যকার খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনন্দ যুব সংঘ। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দর্শনার শান্তিনগর সুগন্ধা মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দর্শনা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ঘিরে মাঠে ছিল দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নেয় আনন্দ যুব সংঘ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাইনুদ্দিন।
ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম, প্রবীণ বিএনপি নেতা আজিজুল হক, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমান, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক শিমুল, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ও মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ।
আয়োজকেরা মনে করেন, তরুণদের মাঠমুখী করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে। নিয়মিত এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে ক্রীড়ামনস্কতা বাড়বে এবং ইতিবাচক সমাজ গঠনের পথ আরও সুগম হবে।


