নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা বড় বাজারে রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর অভিযোগে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনাকারী দল। এ সময় তার দোকান থেকে দুই বস্তা রাসায়নিক মেশানো কদবেল উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার ও আশপাশের এলাকায় এ তদারকি পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতে মাথাভাঙ্গা সেতু-সংলগ্ন ফলপট্টিতে বিভিন্ন ফলের দোকান তদারকি করা হয়। এ সময় রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর প্রমাণ পাওয়ায় টুকু ফল ভান্ডারের মালিক টুকু মিয়াকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে দোকান থেকে দুই বস্তা রাসায়নিক মেশানো কদবেল উদ্ধার করে জনসম্মুখে ধ্বংস করা হয়। তদারকিকালে অন্যান্য ফল ব্যবসায়ীদেরও ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি বড় বাজারের মাংসের দোকানগুলো তদারকি করে ব্যবসায়ীদের সঠিক ওজনে মাংস বিক্রি এবং স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করার বিষয়ে সতর্ক করা হয়।
তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং সদর থানা-পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


