নিজস্ব প্রতিবেদক:
অসহায়ত্ব ও প্রতিবন্ধিতাকে যেন পুঁজি করেছে প্রতারকেরা। সরকারি ভাতা দেয়ার কথা বলে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে ফোন করে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীর পরিবারের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এরপর অ্যাকাউন্টে থাকা ভাতার ২ হাজার ৫০০ টাকা লুটে নেয়া হয়েছে। সোমবার দিনগত রাতে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিএণ্ডবি পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত ১২টার দিকে তাদের মুঠোফোনে একটি ফোনকল আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, তাদের বিকাশ অ্যাকাউন্টে সরকারি ভাতার ২ হাজার ১০০ টাকা পাঠানো হয়েছে। টাকাটি জমা হয়েছে কী-না, তা নিশ্চিত হতে ফোনের খুদে বার্তার (এসএমএস) ইনবক্স দেখতে বলেন তিনি। ফোনকারীর কথামতো ইনবক্স পরীক্ষা করে পরিবারের সদস্যরা টাকা পাঠানোর একটি বার্তা দেখতে পান। এরপর তাদের মুঠোফোনে পরপর আরও ৩০০ ও ১৫০ টাকা পাঠানোর বার্তা আসে। সব মিলিয়ে ২ হাজার ৫৫০ টাকা জমা হওয়ার বার্তা দেখে তারা বিশ্বাস করেন, সরকারি ভাতার টাকা পাঠানো হয়েছে। একপর্যায়ে ওই ব্যক্তি বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চান। সরকারি ভাতার টাকা পাওয়ার আশায় সরল বিশ্বাসে পরিবারের সদস্যরা তাকে পিন নম্বরটি জানিয়ে দেন। কিছুক্ষণ পর অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে তারা দেখেন, সেখানে থাকা পুরো ২ হাজার ৫০০ টাকাই উধাও। পরে তারা বুঝতে পারেন, টাকা পাঠানোর কথা বলে যে এসএমএসগুলো দেখানো হয়েছিল, সেগুলো ছিল ভুয়া। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তিও ছিলেন প্রতারক চক্রের সদস্য। সরকারি ভাতার টাকা পাঠানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পিন নম্বর নিয়ে অ্যাকাউন্টের টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, প্রতিবন্ধী তরুণীর জন্য পাওয়া সরকারি ভাতার এই অর্থ তাদের মতো অসহায় পরিবারের কাছে অনেক বড় সহায়তা। সামান্য এই টাকাও প্রতারকেরা হাতিয়ে নেয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঘটনাটি জানাজানি হলে কেদারগঞ্জ সিএনবি পাড়ার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য বরাদ্দ সরকারি সহায়তার অর্থও যদি প্রতারণার মাধ্যমে লুটে নেয়া হয়, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? ভুক্তভোগী পরিবারটি প্রতারক চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, লুটে নেয়া টাকা উদ্ধার এবং এ ধরনের প্রতারণা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।


