নিজস্ব প্রতিবেদক:
এলাকার মানুষের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাঁচটি গ্রামে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সমস্যা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সংসদ সদস্য ইউনিয়নের আসাননগর, নওদাপাড়া, শ্রীরামপুর, জগন্নাথপুর ও রেল জগন্নাথপুর গ্রামে যান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকার নানা সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত দাবি তুলে ধরেন।
মতবিনিময়কালে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মানুষের কথা শোনা এবং তাদের পাশে থাকা আমার দায়িত্ব। এলাকার উন্নয়ন শুধু বড় কোনো প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তাই মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানার চেষ্টা করছি। তিনি আরও বলেন, কালিদাসপুর ইউনিয়নের মানুষের যেসব সমস্যা ও দাবির কথা শুনেছি, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব না হলেও অগ্রাধিকার নির্ধারণ করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সংসদ সদস্য বলেন, আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে হবে। এলাকার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ করা সহজ হবে। মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকার মুরুব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


