নিজস্ব প্রতিবেদক:
উন্নয়ন কর্মকাণ্ডে দলীয় বিবেচনা কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। তবে তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিরোধী দলের সংসদ সদস্য ও তাদের সমর্থিত এলাকাগুলোর উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করছে। তার মতে, উন্নয়ন হতে হবে দল-মতনির্বিশেষে সব মানুষের জন্য। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন থেকে কুতুবপুর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আশপাশের এলাকার চলমান ও প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পরিদর্শনের অংশ হিসেবে সংসদ সদস্য জাহাজপোতা, হরিরামপুর, কানাইডাঙ্গা এবং নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস ও কানাইডাঙ্গাসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের দীর্ঘদিনের সমস্যা, অভাব-অভিযোগ এবং এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি মনোযোগ দিয়ে শোনেন।
মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। সংসদ সদস্য তাদের বক্তব্য শোনার পাশাপাশি সমস্যাগুলো নিজে নোট করে নেন। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি। এ সময় মো. রুহুল আমিন বলেন, আমি সব জনপদের মানুষের সংসদ সদস্য। আমার কাছে কোনো বৈষম্য নেই। দল-মতনির্বিশেষে সব এলাকার মানুষের সমান উন্নয়ন চাই। সরকার যদি এই নীতিতে পরিচালিত হতো, তাহলে দেশের উন্নয়ন আরও অনেক দূর এগিয়ে যেত। উন্নয়ন কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, উন্নয়ন হতে হবে সর্বস্তরের মানুষের জন্য। তিনি আরও বলেন, এলাকার মানুষের ন্যায্য দাবি ও প্রত্যাশাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন। মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।


