নেহালপুর/বেগমপুর প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং বাল্যবিয়ে প্রতিরোধে চুয়াডাঙ্গার দর্শনায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা হাতে লাল কার্ড তুলে ধরে মাদক ও বাল্যবিয়েকে ‘না’ বলেছে। একই সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধে আকন্দবাড়ীয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৫ শিক্ষার্থীকে নিয়ে একটি কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটির সদস্যদের বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে সচেতন ও দক্ষ করে তোলার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। গতকাল মঙ্গলবার দর্শনার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দর্শনা থানা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে এ আলোচনা সভা ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
দর্শনা থানা লোকমোর্চার সহ-সভাপতি কামরুন্নাহার রানী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা প্রকল্পের জ্যেষ্ঠ প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল আলীম সজল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইস্তিয়াক আহমেদ। পরে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম। আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় দশম শ্রেণির ছাত্র মোস্তফা মাহমুদ বাপ্পি ও ছাত্রী আমেনা খাতুন। এছাড়া বক্তব্য দেন অভিভাবক সদস্য নাসিমা আক্তার।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অন্যদিকে বাল্যবিয়ে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশ প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে সুখী, সমৃদ্ধ ও টেকসই দেশ গঠনে ভূমিকা রাখা সম্ভব হবে।
বিশেষ অতিথি দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামও মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা একযোগে লাল কার্ড তুলে ধরে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানায়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত ব্যক্তিরাও মাদকমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিয়ে বন্ধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথি ও আয়োজকেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে একটি গাছের চারা রোপণ করেন। সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা দিতেও এ উদ্যোগ নেয়া হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, আকন্দবাড়িয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল মামুন, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, জামায়াতের দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু, দর্শনা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সরোয়ার হোসেনসহ আরও অনেকে।


