নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ শাহ্জাহানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বেলা ৩ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে মোহাম্মদ শাহ্জাহান স্মৃতি সংসদ এ আয়োজন করেছে। স্মৃতি সংসদের চুয়াডাঙ্গা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার দলমত নির্বিশেষে সকলকে আয়োজনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
চুয়াডাঙ্গার কৃতী সন্তান, আন্তর্জাতিক শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ্জাহান ১৯৯২ সালের ২৪ অক্টোবর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রমিকদের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্মরণীয় হয়ে আছেন এই নেতা। মোহাম্মদ শাহ্জাহান ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী কমিটির সভাপতি ছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শ্রমিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল উল্লেখযোগ্য।
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছিল। ১৯৭২ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে প্রথম বাংলাদেশি প্রতিনিধি হিসেবে অংশ নেয়ার কৃতিত্ব তার। পরে ১৯৭৮ সালে ইতালির তুরিন থেকে শ্রমিকদের অধিকার আদায়ে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রথম বাংলাদেশি হিসেবে আইএলও ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ শাহ্জাহান। অস্থায়ী মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ সফর করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কাজ করেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে সমর্থন আদায়ে তার এই উদ্যোগ ছিল তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা আরও আগে থেকে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৬৯ সালের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এসব আন্দোলনের ধারাবাহিকতায় দেশের স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।


