ভ্রাম্যমাণ প্রতিনিধি:
নাগরিকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৪ মাস পর অনুষ্ঠিত এ সভায় পৌরসভার নাগরিকসেবা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় আলমডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
জনপ্রতিনিধিহীন পৌরসভায় নাগরিকদের মতামত সরাসরি পৌর প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ তৈরি করতেই টিএলসিসির এ সভার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। সভায় পৌরসভার বিভিন্ন এলাকার নাগরিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের এলাকার সমস্যা, প্রয়োজন ও নাগরিকসেবা নিয়ে মতামত দেন। সভায় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম, নাগরিকসেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, বাজেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নাগরিকদের দেয়া পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পৌরসভার সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। স্থানীয় নাগরিকেরা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিকদের মতামত তুলে ধরার ক্ষেত্রে টিএলসিসির সভা গুরুত্বপূর্ণ। নিয়মিত এ ধরনের সভা হলে স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো প্রশাসনের কাছে সরাসরি তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে সভায় দেয়া পরামর্শের বাস্তবায়ন অগ্রগতি পরবর্তী সভায় পর্যালোচনা করা হলে নাগরিক অংশগ্রহণ আরও বাড়বে।
সংশ্লিষ্টরা জানান, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও নাগরিকসেবার ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেয়া হলে প্রয়োজনভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা সহজ হয়। এ কারণে টিএলসিসির সভা নিয়মিত করার পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। পৌর প্রশাসক ও ইউএনও শাহীনুর আক্তারের উদ্যোগে দীর্ঘ বিরতির পর টিএলসিসির সভা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় নাগরিকদের মধ্যে সন্তোষ দেখা গেছে। তারা নিয়মিতভাবে এ ধরনের সভা আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন।
সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ, পৌরসভার সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


