আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কলিংকে আটকের পর পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে পৌর এলাকার আলিফ উদ্দীন রোড থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পর আলমডাঙ্গা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন বিএনপির নেতা-কর্মী কলিংকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক কলিং ভাংবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে। তবে তাকে আটকের কারণ এবং মারধরের অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতা-কর্মী কিংবা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে ২০২৪ সালে খাদিমপুরে বিএনপির পদযাত্রায় হামলার মামলা রয়েছে। ওই মামলায় ইতোপূর্বে কলিং হাজতবাসও করেছেন। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম জানান, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


