আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দাম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছিল তার। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি গোডাউনে অভিযান চালিয়ে চাপাতি, কুড়াল, ছুরি, বড় ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার মিয়াপাড়া ও ক্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার গোডাউনে তল্লাশি চালায় পুলিশ।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে মিয়াপাড়া-ক্যানালপাড়া এলাকায় জনৈক কুদ্দুসের বাড়ির পেছনে শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে পিয়াল সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার পিয়ালকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৫টা ৫০ মিনিটে গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার নিজস্ব গোডাউনে তল্লাশি চালানো হয়। গোডাউনের একটি টেবিলের নিচ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৪ ইঞ্চি লম্বা একটি লোহার চাপাতি, কাঠের বাটযুক্ত একটি দেশীয় লোহার কুড়াল, সাড়ে ১০ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি লোহার ছুরি, কাঠের বাটযুক্ত ২৪ ইঞ্চি লম্বা একটি বড় লোহার ছোরা, স্টিলের বাটযুক্ত ৩৩ ইঞ্চি লম্বা একটি বড় ছোরা এবং ৪৪ দশমিক ৫ ইঞ্চি লম্বা একটি লোহার রড।
পুলিশ জানায়, পিয়াল সাদ্দামের বিরুদ্ধে মাদক, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে ২৬টি মামলা বিচারাধীন। এছাড়া আলমডাঙ্গার জিআর-৪৪/২০ নম্বর মামলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পিয়াল মাহমুদের বিরুদ্ধে একটি মামলায় চার বছরের সাজা রয়েছে। তাকে গ্রেপ্তারের পাশাপাশি তার হেফাজত থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গোডাউন থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।


