আলমডাঙ্গা অফিস:
নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তার মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে। গতকাল শুক্রবার বিকেলে সে ক্যানেলের অপর পাশে ছিন্নি খেতে যায়। ছিন্নি খেয়ে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মাহফুজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


