ক্রীড়া প্রতিবেদক:
মাঠজুড়ে তখন দর্শকদের উচ্ছ্বাস। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখছিল চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব। কখনো ডান প্রান্ত দিয়ে, কখনো মাঝমাঠের নিয়ন্ত্রিত পাসে তৈরি হচ্ছিল গোলের সুযোগ। শেষ পর্যন্ত দুরন্ত ফুটবল শৈলীর দারুণ প্রদর্শন করে খাসকররা দুরন্ত একাদশকে ৩-০ গোলে হারিয়ে বেলগাছি নব দিগন্ত সংঘ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বুধবার বেলগাছি নব দিগন্ত সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান। আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে দলটি। ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যায় মোহামেডান। ফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে মোহামেডানের আক্রমণের গতি যেন আরও বেড়ে যায়। মুহূর্মুহূ আক্রমণে খাসকররা দুরন্ত একাদশের রক্ষণভাগকে চাপে ফেলে দেয় তারা। এক পর্যায়ে মোহামেডানের ধারাবাহিক আক্রমণের মুখে প্রতিপক্ষের রক্ষণব্যূহে দেখা দেয় ছন্দপতন। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও দুটি গোল আদায় করে নেয় মোহামেডান। দলের হয়ে তিনটি গোল করেন সিয়াম, মিরাজ ও ইব্রাহিম। তাদের নৈপুণ্যে ৩-০ গোলের ব্যবধান নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট পায় চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ম্যাচে খাসকররা দুরন্ত একাদশও কয়েকটি ভালো আক্রমণ তৈরি করে। গোলের কাছাকাছি গিয়েও মোহামেডানের শক্ত রক্ষণভাগের কারণে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি তারা। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয় দলটিকে। ম্যাচজুড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কৌশল, গতি ও সমন্বিত আক্রমণ দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। খেলা চলাকালে মাঠে উপস্থিত থেকে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহরিন হক মালিক। কোচের দায়িত্বে ছিলেন সাবেক কৃতী ফুটবলার তরিকুল ইসলাম তরু।
মোহামেডানের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক কৃতী ফুটবলার মাহমুদুল হক লিটন, কোষাধ্যক্ষ আশাবুল হক আশা এবং কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন মালিক, শফিকুল ইসলাম লিটন ও জুয়েল মাহমুদ। এ ছাড়া সাবেক ফুটবলার নাজমুল হক শান্তিও মাঠে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও বেলগাছি নব দিগন্ত সংঘের সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশ্র, নব দিগন্ত সংঘের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজ, আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, সাবেক ফুটবলার মিলন বিশ্বাস, মহান বিশ্বাস, সোহেল রানা, সানজিৎ মুন্না, হাফেজ সরোয়ার ও হাজী আব্দুল ওয়াহেদসহ অনেকে। খেলা শেষে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যের প্রশংসা করেন। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেয়ার উদ্যোগের অংশ হিসেবে এদিনও পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি। প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ফুটবল শৈলী উপহার দিয়ে বড় জয় পাওয়ায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ও সাধারণ সম্পাদক শাহরিন হক মালিক। তিনি দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং সামনে আরও ভালো ফুটবল উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


