সরোজগঞ্জ প্রতিনিধি:
দর্শনার গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দর্শনা থানার অফিসার ইসচার্জ নজরুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত তিনি এসব মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে ওসি নজরুল ইসলাম গহেরপুর, বাটিকাডাঙ্গা, তেঘরী, গড়াইটুপি ও খাড়াগোদা এলাকার বিভিন্ন পূজামণ্ডপে যান। এ সময় তিনি প্রতিমা তৈরির কাজ, মণ্ডপের পরিবেশ, সাজসজ্জা এবং পূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রঙের কাজসহ সাজসজ্জা ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম এগিয়ে চলছে। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহের আমেজ।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় ওসি নজরুল ইসলাম সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেন। তিনি পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে মণ্ডপগুলো পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
গড়াইটুপি ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রতিমা, মণ্ডপের সাজসজ্জা ও আনুষঙ্গিক আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হবেÑএমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।


