নিজস্ব প্রতিবেদক:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’Ñএ স্লোগান সামনে রেখে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালকদের সচেতন হলে চলবে না, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্ক থাকা এবং সড়কে চলাচলের সময় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে অনেক অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানো সম্ভব।
কর্মসূচিতে বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আমিনুল ইসলাম খান ও মোটরযান পরিদর্শক নাহিদ হাসান উপস্থিত ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রুহুল আমিন ও আবু জায়েদ আনসারী এবং সিনিয়র শিক্ষক রকিবুল ইসলামসহ অন্য শিক্ষকেরা। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম।
আলোচনায় শিক্ষার্থীদের সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন, নির্ধারিত নিয়মে রাস্তা পারাপার এবং ট্রাফিক নির্দেশনা অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়, চালক, যাত্রী ও পথচারীÑসবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীরা নিজেরা নিয়ম মেনে চলার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারে। কর্মসূচির শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ সড়ক গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়।


