নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুটি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এর মধ্যে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার বিকাশ দেবনাথকে (৫৩) সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপরদিকে, একটি পুরোনো মামলার তদন্তে পাওয়া আসামি শেরেগুলকে (৫৮) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় শেখপাড়া এলাকার বাসিন্দা বিকাশ দেবনাথের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, বাড়ির একটি কক্ষে তাকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বিকাশ দেবনাথের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালত তাকে ওই ধারার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
অন্যদিকে, সদর থানা পুলিশের অপর একটি দল পুরোনো একটি মামলার তদন্তে পাওয়া আসামি শেরেগুলকে গ্রেপ্তার করে। এসআই (নিরস্ত্র) মহাদেব বাছাঁড়ের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সকাল ১১টায় সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শেরেগুল চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নম্বর-১৫, ১৯ আগস্ট ২০২৪-এর মামলার তদন্তে পাওয়া আসামি। মামলাটির জিআর নম্বর-১৭২। এতে দণ্ডবিধির ১৪৩, ১১৪, ৩২৩, ৩২৪ ও ৩২৬ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর শেরেগুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


