নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর স্টেশনের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় মিনি খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনি খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মৃত ইউনুসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাথাজনিত সমস্যায় ভুগছিলেন। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতেই তিনি বাইরে গিয়েছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, সকাল সোয়া নয়টার দিকে মোমিনপুর স্টেশনের পাশের রেললাইনের ওপর দিয়ে মিনি খাতুনকে হেঁটে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তনগর ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দুর্ঘটনার আগে মিনি খাতুন সেখানে থাকা দুই শিশুর কাছে ট্রেন কখন আসবে, তা জানতে চেয়েছিলেন। এ কারণে তিনি ইচ্ছাকৃতভাবে রেললাইনে গিয়ে ট্রেনের সামনে পড়েছেন এমন ধারণা করছেন তারা। তবে তার মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা না-কী আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ জানান, নিহতের বড় ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


