নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয় দিয়ে ভুয়া লিগ্যাল নোটিশ পাঠানোর অভিযোগে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরডিআরএসের মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক খাইরুল ইসলাম (৩৫) ও হিসাবরক্ষক নাহিদ ইসলাম (৩২)। তারা দুজনই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম। তার অভিযোগ, আইনজীবী না হয়েও গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে নিজেদের আইনজীবী পরিচয় দিয়ে অ্যাডভোকেট সেলিম রেজার নাম ব্যবহার করেন। পরে ওই পরিচয়ে এক নারীকে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী শাহিনুর খাতুনের বাড়ি আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের রংপুর গ্রামে। তার স্বামী সুজন আলী। অভিযোগ অনুযায়ী, আরডিআরএসের মুন্সিগঞ্জ শাখায় কর্মরত খাইরুল ইসলাম ও নাহিদ ইসলাম পরস্পর যোগসাজশে আইনজীবী না হয়েও অ্যাডভোকেট সেলিম রেজার নাম ব্যবহার করে শাহিনুর খাতুনের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠান। এজাহারে বলা হয়েছে, আসামিরা ভুয়া ও জালিয়াতির মাধ্যমে আইনজীবীর পরিচয় ও নাম ব্যবহার করে নোটিশটি প্রকৃত আইনজীবীর পাঠানো নোটিশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তাদের এ কর্মকাণ্ড প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় খন্দকার অহিদুল আলমের দায়ের করা এজাহারের ভিত্তিতে খাইরুল ইসলাম ও নাহিদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


