নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগর মুন্নামোড়ে গরুবাহী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে হেলাল উদ্দিন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পাওয়ার ট্রলির চালকসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলাল উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেনÑ পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। পথে সোমবার ভোরে নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দিন নিহত হন। দুর্ঘটনায় দুটি গরু মারা যায় এবং চালকসহ দুজন আহত হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন।
আহত পাওয়ার ট্রলিচালক তারাচাঁদ বলেন, রবিবার বিকেলে আমরা তিনজন ১১টি গরু নিয়ে মঠবাড়িয়া থেকে রওনা দিই। ভোরে গাড়ি চালানোর সময় হঠাৎ চোখে ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রলিটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চুয়াডাঙ্গার হানুবাড়াদিতে গাঁজাসহ দুজন গ্রেপ্তার
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আনুমানিক নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হানুরবাড়াদি কাছারিপাড়ার ইমরানের ছেলে বেল্টু (৪২) এবং একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জলিল (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নওশাদ মাহফুজ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুলের নেতৃত্বে পুলিশের একটি দল হানুরবাড়াদি এলাকার ডিঙ্গেদহ ঈদগাহপাড়ায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নওশাদ মাহফুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গেদহের হানুরবাড়াদি ঈদগাহপাড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


