নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা, ভেন্যু নির্ধারণ, প্রয়োজনীয় বাজেট এবং ফিকশ্চার প্রণয়নসহ সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। এ ছাড়া জেলা কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ৫৩তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের সম্ভাব্য ভেন্যু ও পরিচালনা উপকমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন খেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্ভাব্য বাজেটও সভায় উপস্থাপন করা হয়। একই সঙ্গে উপস্থিত কমিটির সদস্যদের সামনে বিভিন্ন খেলার ফিকশ্চার প্রণয়ন করা হয়। প্রতিযোগিতার সময়সূচি ও খেলার বিভিন্ন ধাপ সমন্বয়ের বিষয়েও সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়।
সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রতিযোগিতার সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার পরিবেশ যেন আনন্দমুখর ও সুশৃঙ্খল থাকে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পর্যায়ের এ আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভাদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি হবে। প্রস্তুতিমূলক সভার মধ্য দিয়ে প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজনকে সুশৃঙ্খল ও সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সমন্বিত উদ্যোগ ও যথাযথ পরিকল্পনার মাধ্যমে এবারের প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।


