নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তির স্বজনকে ফোন করে মাদক মামলায় গ্রেপ্তারের কথা জানিয়ে ১৫ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই স্বজনকে গালিগালাজ ও হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত দুজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার সাইদুর রহমানের ছেলে মুন্তাসির আল মামুন (৩৮)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার মামুন (৩০) ও জানিফ হোসেন (২৯)। অভিযোগপত্রে তাদের বাবার নাম অজ্ঞাত বলে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মামুনের খালু আব্দুল মজিদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল আসে। এ সময় ফোনকারী দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জানান, মুন্তাসির আল মামুনকে মাদক মামলায় গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে হলে নগদ ১৫ হাজার টাকা দিতে হবে। অন্যথায় তাকে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়। অভিযোগে বলা হয়, এরপর একাধিকবার ফোন করে টাকা দাবি করা হয়। তবে আব্দুল মজিদ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি দেয়া হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মুন্তাসির আল মামুন চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন।
মুন্তাসির আল মামুন বলেন, ঘটনার পর বিস্তারিত খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, অভিযুক্ত ব্যক্তিরা কখনো মানবাধিকারকর্মী, আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ান। অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ কখনোই টাকা চাইবে না। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।


